এ বার পুলিশের কাজকর্মেও নজর রাখতে পারবেন সাধারণ মানুষ! বাংলায় চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ, কী সুবিধা পাবেন?
পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে চালু হল পুলিশ মিত্র অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক কর্মরত রয়েছেন, তা জানতে পারবেন সাধারণ মানুষ। এমনকি, কোন বিট অফিসার কোন দায়িত্বে রয়েছেন, সেই তথ্যও পাওয়া যাবে। পুলিশের কাজকর্মে স্বচ্ছতা বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ।এ দিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অ্যাপ চালুর কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুলিশকে আরও জনমুখী করে তোলাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের জানা প্রয়োজন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। সেই তথ্য সহজে পাওয়া গেলে পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগও বাড়বে। প্রশাসনিক কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে রাজ্য সরকার।রাজ্যে পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া থেকে শুরু করে পরিকাঠামোর উন্নতি, সব দিকেই নজর দেওয়া হচ্ছে। পুলিশের জন্য নতুন গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থার কথাও আগেই জানিয়েছিলেন তিনি।এ দিন রাজ্যে পুলিশকর্মীর অভাবের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুলিশের কাজের পরিধি ক্রমশ বাড়ছে। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত পুলিশকর্মী নেই। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনা বাস্তবায়ন করাও জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পুলিশ আধিকারিকদের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও গোটা কাজের উপর নজর রাখছেন।কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যথেষ্ট সমন্বয় ছিল না। তবে নতুন সরকার কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করতে চায় না রাজ্য। এই বিষয়ে ইতিমধ্যেই যৌথ সমন্বয় বৈঠকও হয়েছে বলে জানান তিনি।পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কারণে পুলিশি ব্যবস্থার উন্নতি এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। তবে নতুন সরকারের কাজের ফলাফল বিচার করার আগে আরও তিন মাস সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

